মহাসপ্তমীতে ফের অর্জুন সিংয়ের বাড়ির অদূরে বোমাবাজি, আতঙ্কিত আমজনতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মহাসপ্তমীতে ফাটল বোমা। ঘটনাটি ঘটেছে জগদ্দলের মেঘনা মোড় সংলগ্ন ১৮ নম্বর গলিতে। বোমার শব্দে আশেপাশের লোকজনের ঘুম ভেঙে যায়। শারদ উৎসবের মাঝে সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির ঢিল ছোড়া দূরত্বে ১৮ নম্বর গলিতে আচমকা বোমা ফাটায় আতঙ্কিত স্থানীয় মানুষজন।

বোমা ফাটার পর মেঘনা মোড়ের আকাশ বাতাস কালো ধোঁয়ায় ছেয়ে যায়। ওই গলিতে প্রবেশের মুখে এবং মজদুর ভবনের সামনে দুর্গা পূজার মন্ডপে তখন সপ্তমী পুজোর আয়োজন চলছিল। বিকট শব্দে বোমা ফাটায় সকলেই হতচকিত হয়ে যায়।

অভিযোগ, সংবাদ মাধ্যম বোমা ফাটার খবর সংগ্রহ করতে গেলে ঘটনাস্থলে ঢুকতে বাঁধা দেওয়া হয়। এমনকি স্থানীয় তৃণমূল নেতা সঞ্জয় সিংও বোমাবাজির ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন।

সূত্র বলছে, ১৮ নম্বর গলিতে কোনও জায়গায় বোমা লুকিয়ে রাখা ছিল। সেই বোমা আজ ফেটে যায়। একাংশের দাবি,  কেউ বোমা মেরে চলে যায়। যদিও ওই তৃণমূল যুব নেতার ভয়ে স্থানীয়রাও মুখ খুলতে সাহস পাচ্ছে না। ঘটনাস্থলের সন্নিকটে পুলিশ মোতায়ন রয়েছে।

Exit mobile version