কাল মমতা মন্ত্রিসভার শপথ, শপথ নেবেন ৪৩ জন মন্ত্রী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামীকাল সকাল ১০ টা ৪৫ মিনিটে রাজ্য মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণ অনুষ্ঠান হবে রাজভবনে। পূর্ণ এবং প্রতিমন্ত্রী মিলে মোট ৪৩ জন মন্ত্রী সেদিন শপথ নেবেন। মমতার মন্ত্রিসভায় ৪৭ জনকে মন্ত্রী করার সুযোগ রয়েছে। তবে বরাবরই মুখ্যমন্ত্রী ছোট মন্ত্রিসভার পক্ষপাতী।

আর সে কারণেই ৪৩ জনকে মন্ত্রী করে দ্রুত কাজ শুরু করতে চাইছেন মুখ্যমন্ত্রী। এখনো পর্যন্ত যে তথ্য সরকারের তরফ থেকে পাওয়া গিয়েছে তাতে পূর্ণ মন্ত্রী হচ্ছেন ২৪ জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে থাকছেন ১০ জন, আর ৯ জন থাকছেন প্রতিমন্ত্রী।

সবচেয়ে বড় কথা এদিন যে ৪৩ জন মন্ত্রী শপথ নেবেন তার মধ্যে ১৭ জন মন্ত্রী থাকছেন নতুন মুখ হিসেবে।নির্বাচনে প্রার্থী না হলেও মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। অন্য দিকে, কামারহাটি বিধানসভা আসনে জয় পেলেও তালিকায় নাম নেই রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্রর। বাদ পড়েছেন গত মন্ত্রিসভার দুই সদস্য তাপস রায় ও নির্মল মাঝি।

এখনো পর্যন্ত যা খবর তাতে, দমদমের বিধায়ক ব্রাত্য বসু এবং অর্থমন্ত্রী অমিত মিত্র ভার্চুয়ালি শপথ নেবেন। বাকিরা রাজভবনে উপস্থিত শপথ নেবেন।

বিধানসভা নির্বাচনে চলচ্চিত্র জগতের অনেকেই তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছেন। কিন্তু রবিবার মন্ত্রীদের যে তালিকা রাজভবনে মমতা জমা দিয়েছেন তাতে রুপোলি জগতের কারও নাম নেই। তবে মন্ত্রিত্ব পাচ্ছেন প্রাক্তন ক্রিকেটার তথা হাওড়ার শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি। রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ একটি নাম রয়েছে মন্ত্রীদের তালিকায়।

শহর কলকাতায় চালু অক্সিজেন লঙ্গর

জায়গা পেয়েছেন রামনগরের বিধায়ক অখিল গিরি। বরাবর পূর্ব মেদিনীপুরের অধিকারী পরিবারের বিরুদ্ধ গোষ্ঠী হিসেবে পরিচিত ৪ বারের বিধায়ক অখিল এই প্রথমবার মন্ত্রিত্ব পাচ্ছেন। মন্ত্রী হচ্ছেন ওই গোষ্ঠীর শিউলি সাহাও।

পূর্ণমন্ত্রীর তালিকায় যারা রয়েছেন, তারা হলেন-সুব্রত মুখার্জি, পার্থ চট্টোপাধ্যায়,অমিত মিত্র, সাধন পাণ্ডে, জ্যোতিপ্রিয় মল্লিক, বঙ্কিমচন্দ্র হাজরা, মানসরঞ্জন ভুঁইয়া, সৌমেন মহাপাত্র, মলয় ঘটক, অরূপ বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, অরূপ রায়, রথীন ঘোষ, ফিরহাদ হাকিম, চন্দ্রনাথ সিংহ, শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, পুলক রায়, শশী পাঁজা, গোলাম রব্বানি, বিপ্লব মিত্র, জাভেদ আহমেদ খান, স্বপন দেবনাথ ও সিদ্দিকুল্লাহ চৌধুরী।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হচ্ছেন,বেচারাম মান্না, সুব্রত সাহা, হুমায়ুন কবীর, অখিল গিরি, চন্দ্রিমা ভট্টাচার্য, রত্না দে নাগ, সন্ধ্যারাণী টুডু, বুলুচিক বরাইক, সুজিত বসু ও ইন্দ্রনীল সেন।

প্রতিমন্ত্রী হচ্ছেন,দিলীপ মণ্ডল, আক্রুজ্জমান, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাত, সবিনা ইয়াসমিন, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, পরেশচন্দ্র অধিকারী ও মনোজ তিওয়ারি।

Exit mobile version