West Bengal Government on Omicron: বন্ধ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, সন্ধ্যের পর বন্ধ লোকাল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা সংক্রমণ লাগামহীনভাবে বাড়তে থাকায় ফের কড়া বিধিনিষেধ জারি করল রাজ্য। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে রাজ্যে। রবিবার নবান্ন সাংবাদিক বৈঠক করে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানান, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পঠন-পাঠন বন্ধ থাকবে। শিক্ষাকর্মীদের ৫০% উপস্থিতি থাকবে রোটেশন অনুযায়ী। তবে পরীক্ষার ব্যাপারে সংশ্লিষ্ট স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

পুরভোটে তৃণমূলের অন্দরের ক্ষোভ আসলে অর্থের হাতছানি ও বিরোধী দল ভাঙানোর মিলিত পরিণতি!

পাবলিক প্লেসে মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানিয়েছেন মুখ্যসচিব‌। তিনি বলেন দোকান বাজার মার্কেট কমপ্লেক্স শপিং মল-সহ পাবলিক প্লেসে মাস্ক পরা বাধ্যতামূলক। মাস্ক না পড়লে সরকার ব্যবস্থা নেবে।

বণিকসভা গুলিকে সরকার আহ্বান করেছে, প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের মতো এবারও এক একটি বাজারের দায়িত্ব নিয়ে জীবাণুমুক্ত করা ও সচেতনতা প্রচার চালানোর জন্য। বেসরকারি কল-কারখানা চা বাগান গুলিতে কর্মীদের টিকাকরণ ও কোভিড বিধি মেনে কাজ চালানোর নির্দেশ দিয়েছে নবান্ন।

মুখ্যসচিব বলেন, ‘সংক্রমণ বাড়ছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের পরিকাঠামো তৈরি আছে। হাসপাতালের বেড, অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে রয়েছে। যদিও হাসপাতালে মাত্র ১.৫% বিডি এখন করোনা রোগী আছে। ৯৫% আক্রান্ত রোগীর কোন উপসর্গ নেই।’

সরকারী ও বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষকে নিয়মিত পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। দুয়ারে সরকার কর্মসূচি এক মাসের জন্য পিছিয়ে দিয়েছে সরকার। মুখ্য সচিব জানিয়েছেন, করোনা পরিস্থিতি পর্যালোচনা করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে দুয়ারের সরকার কর্মসূচি শুরু হবে।

Exit mobile version